
সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের মানবিক কর্মকাণ্ড, স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবামূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি ইউনিয়ন পরিষদের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
১৯৯৫ সালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন মোঃ আবুল কালাম আজাদ। পরবর্তীতে ২০২৫ সালের জুন মাসে তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদে যোগদান করেন। যোগদানের পর থেকেই বহুল জনগোষ্ঠীর এই ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, কর ও রাজস্ব আদায়সহ বিভিন্ন প্রশাসনিক সেবা দ্রুত ও নিয়মতান্ত্রিকভাবে প্রদান নিশ্চিত করছেন তিনি। সরকারি নীতিমালা অনুসরণ করে নাগরিকদের হয়রানিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম তদারকি করছেন নিয়মিত।
এ বিষয়ে মোঃ আবুল কালাম আজাদ বলেন, “কর ও ফি আদায়ের ক্ষেত্রে সরকারি নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয়। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমি সরাসরি অর্থ আদায় করি না, বরং পুরো প্রক্রিয়াটি সুপারভিশন করি। মাঠ পর্যায়ে কর আদায়কারীরা কমিশন ভিত্তিতে দায়িত্ব পালন করেন।”
তিনি আরও জানান, হোল্ডিং ট্যাক্স, দোকান ও প্রতিষ্ঠানের ওপর ধার্যকৃত করের তালিকা প্রস্তুত, ডিমান্ড নোটিশ ইস্যু, কর আদায় ও রশিদ প্রদানসহ সব কার্যক্রম সরকারি বিধি অনুযায়ী পরিচালিত হয়। এছাড়া পেশা ও ব্যবসা কর, রিকশা-ভ্যান লাইসেন্স ফি, বাজার ইজারা, ট্রেড লাইসেন্স ফি এবং জন্ম-মৃত্যু নিবন্ধন ফি আদায়ের কাজও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা হচ্ছে।
প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে কর আদায়কারীদের দায়িত্ব বণ্টন, আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ, ক্যাশবুক ও রেজিস্টার সংরক্ষণ, বকেয়া কর আদায়ের নোটিশ প্রস্তুত এবং উপজেলা প্রশাসনে মাসিক প্রতিবেদন পাঠানোর কাজও তদারকি করেন তিনি।
এছাড়া হাট-বাজার ইজারা, ইউনিয়ন পরিষদের সম্পদ ব্যবস্থাপনা, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও বিভিন্ন বরাদ্দ সংক্রান্ত প্রশাসনিক কাগজপত্র প্রস্তুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি অর্থ লেনদেনের রশিদ, ভাউচার ও হিসাব সংরক্ষণ করা হয় বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, “নাগরিক চাইলে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব দেখার সুযোগ রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও প্রশংসিত হয়েছেন মোঃ আবুল কালাম আজাদ। প্রতি মাসে বিডব্লিউবি কার্ডধারীদের খাদ্য সহায়তা বিতরণ, ঈদ উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের তালিকা প্রস্তুত এবং সরকারি সহায়তা সুষ্ঠুভাবে বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের মতে, একজন দায়িত্বশীল ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মোঃ আবুল কালাম আজাদ ধামসোনা ইউনিয়নে ইতোমধ্যেই আস্থা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।










