
বিনোদন ডেস্ক :
ভালোবাসা, স্মৃতি, দূরত্ব ও বিচ্ছেদের আবেগঘন গল্প নিয়ে নির্মাতা আব্দুল্লাহ আলিফ নির্মাণ করেছেন নতুন নাটক ‘ভালো থেকো নীরা’। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন তিনি নিজেই। নির্মাতার ভাষায়, এটি শুধু একটি প্রেমের গল্প নয়; বরং ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, অপেক্ষা, দূরত্ব এবং না বলা অনুভূতির এক আবেগঘন গল্প।
‘ভালো থেকো নীরা’র গল্প আবর্তিত হয়েছে একজন ক্যামেরাপ্রেমী তরুণ ও এক তরুণীর সম্পর্ককে ঘিরে। ভালোবাসার সুন্দর মুহূর্তের পাশাপাশি সম্পর্কের টানাপোড়েন, বাস্তবতার কঠিন অধ্যায় এবং বিচ্ছেদের বেদনা উঠে আসবে গল্পে। নির্মাণসংশ্লিষ্টদের প্রত্যাশা, গল্পের আবেগ ও চরিত্রগুলোর অনুভূতি দর্শকের হৃদয়ে দাগ কাটবে।

নাটকটিতে অভিনয় করেছেন টম হাই, আনিহা ইসলাম আলিজা, সালাম খান তারুন, ইসিন প্রামাণিক, বিপ্নু চৌধুরী, নিয়ামুল মিরাজ পিয়াল, শাহনাজ, জাহাঙ্গীরসহ আরও অনেকে।
নির্মাতা আব্দুল্লাহ আলিফ বলেন, “কিছু গল্প শেষ হয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি থেকে যায়। ‘ভালো থেকো নীরা’ তেমনই একটি গল্প—যেখানে ভালোবাসার চেয়েও বড় হয়ে ওঠে কিছু স্মৃতি।”
‘ভালো থেকো নীরা’র চিত্রগ্রহণ করেছেন আনামুল হক হৃদয়। সম্পাদনা ও রঙের কাজ করেছেন মাহমুদ পারভেজ। সংগীতে রয়েছেন কিবরিয়া কেবি। প্রযোজনায় যুক্ত রয়েছে Beyond Films।
নির্মাতা আব্দুল্লাহ আলিফের প্রত্যাশা, ‘ভালো থেকো নীরা’ দর্শকের কাছে শুধুই একটি প্রেমের গল্প হয়ে থাকবে না; বরং গল্পের শেষ দৃশ্য পেরিয়েও এর চরিত্র, স্মৃতি ও অনুভূতিগুলো দর্শকের মনে দীর্ঘসময় ধরে রয়ে যাবে।










