
মো:হুমায়ূন কবির :
বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার ১১ নং ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্নে পানিতে ডুবে সিফাত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উত্তর পাড়ার প্রবাসী সাদ্দাম হোসেনের ছেলে,দাদা মোখলেস মিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পশ্চিম পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশু সিফাত। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন শিশুদের নিরাপত্তায় সকল পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে এই বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের পাশে শিশুদের একা না রাখার আহ্বান জানান।
এদিকে, সিফাতের অকাল মৃত্যুতে ছলিমাবাদ উত্তর পাড়াসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সকলেই মহান আল্লাহর কাছে শিশুটির রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য কামনা করেছেন।











